চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জারটেক এলাকায় দিদারুল আলম নামে রিয়াজুদ্দিন বাজারের ব্যবসায়ীকে পিটিয়ে ও মাথায় ইট দিয়ে থেঁতলে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আবু তৈয়বকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
নিহত দিদারুল আলম পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের কালারপোল মোহাম্মদ নগর এলাকার মৃত আহম্মেদ মিয়ার ছেলে। অভিযুক্ত আবু তৈয়ব একই এলাকার মৃত কবির আহম্মেদের ছেলে।।
জানা গেছে, নিহত দিদারুল আলম ও অভিযুক্ত আবু তৈয়ব সম্পর্কে বন্ধু। দিদারুলের নগরীর রেয়াজুদ্দিন বাজারে একটি দোকান রয়েছে। ওই দোকানে চাকরি করতেন আবু তৈয়ব। দীর্ঘদিন ধরে আর্থিক লেনদেন নিয়ে তৈয়ব ও দিদারের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। এসব নিয়ে এলাকায় একাধিকবার শালিসি বৈঠকও হয়।
এর মধ্যে শুক্রবারে রাতে দিদারুল বাড়ির কাজ শেষ করে নগরীর বাসায় ফিরছিলেন। পথিমধ্যে মইজ্জারটেক পৌঁছালে অভিযুক্ত তৈয়ব আগে থেকে ওৎ পেতে থেকে দিদারুলকে পিটিয়ে ও মাথায় ইট দিয়ে থেঁতলে হত্যা করেন।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীনূর আলম বলেন, পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। অভিযুক্তকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।