আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত ও স্বচ্ছ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে কঠোর নির্দেশনা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি চট্টগ্রামের প্রতিটি পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং কেন্দ্রের প্রবেশমুখে পরীক্ষার্থীদের তল্লাশির জন্য বিশেষ ‘নকল চেকআপ বুথ’ স্থাপনের নির্দেশ দিয়েছেন।
আজ শুক্রবার (১০ এপ্রিল) চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্ত্রী এই নির্দেশনা প্রদান করেন। চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের নিয়ে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘আসন্ন পরীক্ষা নকলমুক্ত এবং শিক্ষার্থীদের জন্য ভয়ভীতিহীন করতে শিক্ষা মন্ত্রণালয় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করা হবে।’
এছাড়া পরীক্ষাকালীন বিদ্যুৎ বিভ্রাট এড়াতে এবং সিসিটিভি কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে প্রতিটি কেন্দ্রে আইপিএস নিশ্চিত করার জন্যও তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ভার্চুয়ালি আরও যুক্ত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিয়া মো. নুরুল হক এবং কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন। বক্তারা পরীক্ষার গোপনীয়তা ও শৃঙ্খলা বজায় রাখতে মন্ত্রণালয়ের নির্দেশনাবলী যথাযথভাবে পালনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক ড. এ কে এম সামছু উদ্দিন আজাদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী এবং চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ মুহাম্মদ মুজাহিদুল ইসলাম চৌধুরী।
পূর্বতারা/ ইউডি