চট্টগ্রামের বাঁশখালীতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিল থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যার বিচার, আটক নেতাকর্মীদের মুক্তি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়।
শুক্রবার (১০ এপ্রিল) জুমার নামাজের সময় আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণিগ্রাম বাজারের পূর্ব পাশে বৈলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণে প্রধান সড়কে এ মিছিলটি অনুষ্ঠিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে কয়েকজন যুবক মিছিল বের করে সড়কে অবস্থান নেয় এবং বিভিন্ন স্লোগান দিতে থাকে। কিছুক্ষণ পর তারা দ্রুত স্থান ত্যাগ করে।
এ ব্যাপারে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। কে বা কারা এ মিছিল করেছে তা শনাক্তের চেষ্টা চলছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।