দেশের ক্রিকেটে তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরির লক্ষ্য নিয়ে আবারও মাঠে গড়াচ্ছে ‘প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেট’। আগামীকাল শুক্রবার (১০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে ২০২৫-২৬ মৌসুমের এই টুর্নামেন্ট।
টুর্নামেন্টকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) মিরপুরে অনুষ্ঠিত হয়েছে সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলন শেষে অনুষ্ঠিত হয় জার্সি উন্মোচন অনুষ্ঠান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) মো. নাজিম এ. চৌধুরী, বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন, টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও জাতীয় দলের ব্যাটার তাওহিদ হৃদয়।
মো. নাজিম এ. চৌধুরী বলেন, ‘আমরা দেখেছি যে, স্কুল ক্রিকেট খেলা প্রায় দশ বারোজন ক্রিকেটার আছেন যারা সর্ব্বোচ্চ পর্যায়ে পৌঁছেছেন। এটি নিঃসন্দেহে আমাদের জন্য আনন্দ ও গর্বের। দেশের ক্রিকেটের সামগ্রিক যে এগিয়ে চলা সেখানে তৃণমূল পর্যায়ের ক্রিকেট খুবই গুরুত্বপূর্ণ এবং এই গুরুত্বপূর্ণ জায়গায় যুক্ত থাকতে পেরে প্রাইম ব্যাংক আনন্দিত এবং গর্বিত। ১০ বছর ধরেই স্কুল ক্রিকেটের পৃষ্ঠপোষক প্রাইম ব্যাংক। এটা আমাদের জন্য একটা আবেগের জায়গাও বটে। বিসিবিকে সাধুবাদ এই টুর্নামেন্টটা সফলভাবে পরিচালনার জন্য।’
নাজমুল হোসেন শান্ত বলেন, ‘অনেকদিন পর স্কুল ক্রিকেট নিয়ে কথা বললাম এবং আমারও অতীতের কথা মনে হলো। যারা স্টুডেন্ট আছে, তারা এখানে ভালো পারফর্ম করে ভবিষ্যতে বাংলাদেশ টিমে খেলবে। যারা স্টুডেন্ট আছে, তাদের জন্য শুভকামনা। টুর্নামেন্টটা তোমরা ভালো করে খেলবে।’
প্রসঙ্গত, বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিতে এবং দেশের সব প্রান্তের প্রতিভাবান ক্ষুদে ক্রিকেটারদের সুযোগ করে দিতে ২০১৫ সাল থেকেই বিসিবির সঙ্গে স্কুল ক্রিকেটের পৃষ্ঠপোষক হিসেবে সম্পৃক্ত প্রাইম ব্যাংক। এ বছর ৬৪ জেলা থেকে অংশ নিচ্ছে ৩৫০ স্কুলের সাড়ে আট হাজারের বেশি ক্রিকেটার, ম্যাচের সংখ্যা ৬৫১। ১০ এপ্রিল শুরু হচ্ছে জেলা পর্যায়ের ম্যাচগুলো। এরপর হবে বিভাগীয় ও জাতীয় পর্যায়ের খেলা।