গুম ও হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় এবার চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। একই মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকেও হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালে তাঁদের ১৯ এপ্রিল হাজির করতে বলা হয়েছে।
মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এ মামলায় ফজলে করিম ও জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করার আবেদন করেন প্রসিকিউটর শাইখ মাহদী। তিনি বলেন, রাউজানের বাগোয়ান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ আবু জাফরকে ২০১০ সালে তুলে নেওয়া হয়। তাঁকে গুম করে হত্যার অভিযোগ আনা হয়েছে ফজলে করিম ও জিয়াউলের বিরুদ্ধে। এটি একটি নতুন মামলা।
অন্যদিকে জুলাই গণ–অভ্যুত্থানের সময় চট্টগ্রাম শহরে ছয়জনকে হত্যাসহ অনেককে গুরুতর আহত করার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলার আসামি ফজলে করিম। সেই মামলায় ফজলে করিমসহ ২২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ মঙ্গলবার আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল–২। আর জিয়াউল আহসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুম ও হত্যার একাধিক মামলা চলমান।