শনিবার, ১৩ জুন ২০২৬

কৃষি জমির টপসয়েল কাটলে কঠোর ব্যবস্থা: জেলা প্রশাসক

বোয়ালখালী প্রতিনিধি

প্রকাশ : ৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৯

চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, কৃষি জমির টপসয়েল কেটে ফেলা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। অবৈধভাবে কোথাও মাটি কাটা হলে আমরা কঠোর পদক্ষেপ নেব।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে বোয়ালখালী গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা অবৈধভাবে মাটি কাটছে তারা বাইরের কেউ নয়, সমাজেরই মানুষ। তাই প্রশাসনের অভিযান চলার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলাও জরুরি।

এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান, যারা এ ধরনের অপরাধে জড়িত তাদের চিহ্নিত করে তুলে ধরতে এবং সামাজিকভাবে তাদের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে।

এর আগে জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে উপজেলা প্রশাসন আয়োজিত আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, তরুণরাই জাতির ভবিষ্যৎ এবং তারাই দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারে। জীবনে সফল হতে হলে লক্ষ্য, স্বপ্ন ও দৃঢ় প্রত্যয় থাকা প্রয়োজন।

তিনি আরও বলেন, খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি মানুষকে শৃঙ্খলা, পরিশ্রম ও পরাজয় মেনে নেওয়ার শিক্ষা দেয়। নিজেদের দক্ষতা বাড়িয়ে বিশ্বমঞ্চে দেশের অবস্থান শক্ত করতে তরুণদের এগিয়ে আসতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, উপজেলা প্রকৌশলী রনি সাহা, সমাজ সেবা কর্মকর্তা পিপলু নাথ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, কৃষি কর্মকর্তা মো.শাহানুর ইসলাম, মৎস্য কর্মকর্তা নাঈম হাসান চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান ও স্থানীয় বিএনপি নেতৃবন্দসহ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ।

উল্লেখ্য, এই আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টে মাধ্যমিক পর্যায়ের মোট ৩২টি দল অংশ নিচ্ছে।

ভিডিও