মায়ানমারের চলমান সংঘাতের কারণে দীর্ঘদিন স্থবির থাকা কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান সোমবার (৬ এপ্রিল) বন্দর এলাকা পরিদর্শন করেছেন।
এদিন বেলা সাড়ে ১১টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলী এলাকায় নাফ নদীর তীরবর্তী স্থলবন্দরে পৌঁছে তিনি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক করেন। পরিদর্শনকালে বন্দর এলাকার গুদামে থাকা পণ্যসহ সার্বিক অবস্থা ঘুরে দেখেন তিনি।
পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান জানান, স্থলবন্দর পুনরায় চালু করতে কার্যক্রম শুরু হয়েছে। এ বিষয়ে ব্যবসায়ী, বিজিবি, কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করা হয়েছে। পাশাপাশি সিএন্ডএফ এজেন্ট, কাস্টমস ও এনবিআরসহ সব অংশীজনের সঙ্গে সমন্বয় করে জনগণের দাবির প্রেক্ষিতে বন্দর কার্যক্রম পুনরায় সচল করা হচ্ছে।
তিনি আরো বলেন, বাংলাদেশ ও মিয়ানমার সরকারের সমন্বয়ের মাধ্যমে সীমান্ত বাণিজ্য পরিচালনার চেষ্টা চলছে এবং সেই লক্ষ্যেই বন্দর কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মুহাম্মদ মানজারুল মান্নান জানান, বন্দর আনুষ্ঠানিকভাবে খোলা থাকলেও আগে কিছু নিরাপত্তাজনিত সীমাবদ্ধতা ছিল। বর্তমানে পণ্য আমদানি-রপ্তানিতে বড় ধরনের কোনো প্রতিবন্ধকতা নেই। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বন্দর কার্যক্রম আবার সচল করা হচ্ছে।
পরিদর্শনকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিম এবং কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রকিব উদ্দিনসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।