চট্টগ্রামের ফটিকছড়িতে হযরত গাউছুল আজম শাহসূফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান (কঃ) আল হাছানী আল মাইজভান্ডারীর ৯০তম বার্ষিক ওরশ শরীফ মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার ৫ এপ্রিল আখেরি মোনাজাতের মাধ্যমে তিনদিন ব্যাপী ওরশ শরীফের সমাপ্তি ঘটে। আখেরি মোনাজাত পরিচালনা করেন সাজ্জাদানশীন হযরতুলহাজ্ব শাহছুফি মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল হাছানী আল মাইজভান্ডারী (ম.জি.আ.)। আখেরি মোনাজাতে দেশ-জাতি ও সমগ্র মানবজাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। এ সময় শাহজাদা সৈয়দ নুরুল বশর মাইজভান্ডারী সহ লাখো আশেকানে ভক্তরা মোনাজাতে অংশ গ্রহণ করেন।
ওরশ শরীফের প্রথম দিন গত ৩ এপ্রিল গাউছিয়া রহমান মঞ্জিলের উদ্যোগে নানা ধর্মীয় কর্মসূচি পালিত হয়। বাদে ফজর রওজা শরীফে গোসল, খতমে কোরআন, খতমে গাউছিয়া, মিলাদ মাহফিল, জিকির-আজগার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তিনদিন ধরে মাইজভান্ডার দরবার শরীফে ভক্ত আশেকানরা ঝিকিরে মশগুল থাকেন।
ওরশ শরীফ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো ভক্তের সমাগম ঘটেছে মাইজভান্ডারে। নাজিরহাট থেকে মাইজভান্ডার দরবার শরীফ পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার সড়ক জনারণ্যে পরিণত হয়। কয়েক কিলোমিটার জুড়ে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। ওরশ শরীফকে ঘিরে বিশাল মেলা বসেছে দরবারে। অন্যান্য বছরের তুলনায় এবার ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বলে মনে করছেন ভক্ত আশেকানরা।
ওরশ শরীফের সার্বিক নিরাপত্তায় ফটিকছড়ি থানা পুলিশ, নাজিরহাট হাইওয়ে পুলিশ এবং গাউছিয়া রহমান মঞ্জিলের স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন।
পূর্বতারা/ইউডি