চট্টগ্রামে নতুন করে আরও দুইজনের শরীরে হামের জীবাণু শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় বর্তমানে ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হওয়া মোট হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে।
রোববার (৫ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। মোট শনাক্ত হওয়া রোগীর মধ্যে চট্টগ্রাম মহানগর এলাকায় ৮ জন এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা ৬ জন।
প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ১৭ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে মহানগরীর ১৫ জন এবং উপজেলা পর্যায়ের ২ জন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বর্তমানে ৯৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে ২০টি নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে এবং এ পর্যন্ত জেলায় মোট ২২১টি নমুনা পরীক্ষার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অন্যদিকে, আক্রান্তদের মধ্যে চিকিৎসা শেষে এখন পর্যন্ত ১১ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, জেলা স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সন্দেহভাজন রোগীদের নমুনা সংগ্রহ ও সুচিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি সাধারণ মানুষকে সচেতন থাকার এবং শিশুদের শরীরে হামের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেন।