টেকনাফে ওয়ার্ড বিএনপির একটি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে অফিসের গুরুত্বপূর্ণ কাগজ ও আসবাবপত্র পুড়ে গেছে বলে দাবি করেছেন বিএনপি নেতাকর্মীরা।
শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাতে টেকনাফ পৌর শাখা বিএনপির ৭ নম্বর ওয়ার্ড অফিসে এ আগুন দেয় দুর্বৃত্তরা। সকালে বিষয়টি জানাজানি হয়।
টেকনাফ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, রাতের আঁধারে আমাদের অফিসে আগুন দেওয়া হয়েছে। এতে অফিসের ভেতরের আসবাব ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। আমরা ওই অফিসে বসে সাংগঠনিক কার্যক্রম চালাতাম। এ ঘটনায় দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
পৌর শ্রমিকদলের সভাপতি আব্দুর রশিদ জানান, দলের কার্যক্রম ব্যাহত করতে ফ্যাসিস্ট ও স্বাধীনতার পরাজিত শক্তিরা আগুন দিয়েছে বলে ধারণা করছি। এ ঘটনায় দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, রাতে টেকনাফ পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির অফিসে আগুন লেগেছে শুনেছি। খবর পেয়ে সকালে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার কারণ উদঘাটনের চেষ্টা চলছে। পাশাপাশি অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার তৎপরতা অব্যাহত রয়েছে।
পূর্বতারা/ ইউডি