মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ ডিজেলসহ চট্টগ্রামের পতেঙ্গা থেকে ১২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এসময় ৬ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ডিজেলসহ গ্যাস সিলিন্ডার ও নগদ টাকা জব্দ করা হয়। আটকদের মধ্যে চারজন বাংলাদেশি ও আটজন রোহিঙ্গা নাগরিক।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, শনিবার সকাল ৬টায় চট্টগ্রামের পতেঙ্গায় বঙ্গোপসাগরের বহির্নোঙর এলাকায় একটি বিশেষ অভিযান করে কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা। এসময় সন্দেহজনক একটি ইঞ্জিন বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশে বহন করা প্রায় ৬ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ৬ হাজার লিটার ডিজেল, ৬টি গ্যাস ভর্তি সিলিন্ডার, নগদ ১৫ হাজার ৮৯৬ টাকা ও পাচারকাজে ব্যবহৃত বোটসহ চারজন বাংলাদেশি ও আটজন রোহিঙ্গা পাচারকারীকে আটক করা হয়।
কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ ডিজেল, গ্যাস সিলিন্ডার, পাচারকাজে ব্যবহৃত ইঞ্জিন বোট ও আটক পাচারকারীদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।