শনিবার, ১৩ জুন ২০২৬

মিরসরাই ইকোনমিক জোন থেকে প্রকৌশলীকে অপহরণ, মুক্তিপণে উদ্ধার

পূর্বতারা ডেস্ক

প্রকাশ : ৩ এপ্রিল ২০২৬, ০৫:১৯

চট্টগ্রামের মিরসরাইয়ের ইকোনমিক জোন থেকে কাজ শেষে ফেরার পথে এক প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। আজ শুক্রবার ভোরে জোনের সিপি মোড় এলাকা থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এর আগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ওই প্রকৌশলীকে অপহরণ করা হয়।

ভুক্তভোগী প্রকৌশলীর নাম বিজয় হোসেন (২৭)। তিনি নরসিংদী জেলার সদর থানার দড়িনবীপুর গ্রামের মো. ইসমাইল মিয়ার ছেলে। মিরসরাই ইকোনমিক জোনের সামুদা কনস্ট্রাকশন লিমিটেড নামের একটি প্রি–কাস্ট হাই পারফরম্যান্স কংক্রিট (পিএইচসি) পাইল উৎপাদন কারখানায় উৎপাদন কর্মকর্তা হিসেবে কাজ করেন তিনি।

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা ইয়াসমিন বলেন, খবর পাওয়া মাত্র আমরা অপহৃত প্রকৌশলীকে উদ্ধারে অভিযান শুরু করি। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা ওই প্রকৌশলীকে নিয়ে বারবার স্থান বদলাতে থাকে। অভিযানের এক পর্যায়ে পুলিশ তাঁকে উদ্ধার করে। এই ঘটনায় ভুক্তভোগী ও তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি।

এ ব্যাপারে মিরসরাই ইকোনমিক জোনের দায়িত্বে থাকা শিল্প পুলিশের পরিদর্শক শওকত হোসেন বলেন, অপহরণকারীদের গ্রেফতারে আমাদের প্রচেষ্টা চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে কর্মস্থল থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন বিজয় হোসেন। কর্মস্থল থেকে বের হয়ে কিছুদূর যেতেই মুখোশ পরা দুই দুর্বৃত্ত তাকে ধরে ফেলে। তারপর জোর করে তাকে পাশের জঙ্গলে নিয়ে যায়। সেখানে আগে থেকে আরও এক দুর্বৃত্ত অবস্থান করছিল। দুর্বৃত্তরা প্রথমে তাঁর মোবাইল ও টাকাপয়সা ছিনিয়ে নেয়। পরে হাত–পা বেঁধে ছবি তুলে বিজয়ের পরিবারের সদস্যদের কাছে পাঠিয়ে মুক্তিপণ দাবি করে। দাবি অনুযায়ী বিজয়ের স্বজনেরা রাতের মধ্যে কয়েক ধাপে বিকাশের মাধ্যমে টাকা পাঠান। পরে দুর্বৃত্তরা বিজয়কে ছেড়ে না দিলে রাতে নরসিংদী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর মিরসরাই ও জোরারগঞ্জ থানা–পুলিশ যৌথভাবে বিজয় হোসেনকে উদ্ধারে অভিযান শুরু করে। অভিযানের এক পর্যায়ে শুক্রবার ভোরে বিজয়কে আহত অবস্থায় জোনের একটি বিদেশি প্রতিষ্ঠানের কার্যালয়ের সামনে থেকে উদ্ধার করে পুলিশ। পরে তাকে মিরসরাই উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। চিকিৎসা শেষে ওই প্রকৌশলীকে তার স্বজনেরা বাড়ি নিয়ে গেছেন বলে জানা গেছে।

পূর্বতারা/ ইউডি

ভিডিও