শারজাহ থেকে আসা এয়ার আরাবিয়ার একটি ফ্লাইটের যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৩১৫ কার্টন সিগারেট উদ্ধার করা হয়েছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এনএসআই টিম, কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমস শাখা যৌথভাবে এসব সিগারেট জব্দ করে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করে জানান, নওগাঁর রানীনগরের বাসিন্দা মো. রাকিবুল ইসলাম নামের এক যাত্রীর ব্যাগেজ থেকে এসব সিগারেট উদ্ধার করা হয়। জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ ৩০ হাজার টাকা।
তিনি আরও জানান, ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম (ডিএম) অনুযায়ী সিগারেটগুলো জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। সংশ্লিষ্ট যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।