চট্টগ্রামের বাঁশখালীতে মাকে গলা কেটে হত্যার ঘটনায় পলাতক থাকা ছেলে ও পুত্রবধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলো— বাঁশখালী উপজেলার পূর্ব বৈলছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আইভ্যারখীল এলাকার মোজাফফর আহমদের ছেলে মো. কাসেম (২৮) এবং তার স্ত্রী নার্গিস আক্তার (২৫)।
পুলিশ জানায়, বিদেশে থাকা এক ভাইয়ের পাঠানো টাকার বিরোধকে কেন্দ্র করে কাসেম ও তার স্ত্রী মিলে নিজ মাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার পর থেকেই তারা আত্মগোপনে ছিল। দীর্ঘদিন ধরে অভিযান চালিয়ে অবশেষে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-৭-এর মিডিয়া শাখার সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, ‘বুধবার (১ এপ্রিল) বিকেলে কক্সবাজার জেলার চকরিয়া থানার লক্ষ্যারচর ইউনিয়ন এলাকায় র্যাব-৭, চট্টগ্রাম ও র্যাব-১৫, কক্সবাজারের যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে তাদের আটক করে।’
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ সাইফুল্লাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পলাতক আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত ছিল। র্যাবের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয়।’