সোমবার, ১৫ জুন ২০২৬

১২ মামলার আসামি এখন গ্রেফতার, অতঃপর দল থেকে বহিষ্কার

পূর্বতারা ডেস্ক

প্রকাশ : ২ এপ্রিল ২০২৬, ০৫:৪৩

মো. মাসুদ কালা। পাহাড় কেটে বালু লুট, সরকারি কর্মকর্তার উপর হামলা, দস্যুতাসহ ১২টি মামলার আসামি তিনি। আবার মিরসরাই করেরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবও তিনি। মঙ্গলবার বিকেলেও গাড়িতে চাঁদাবাজি নিয়ে সংঘর্ষের ঘটনায় উঠে এসেছে তার নাম। এ ঘটনায় তাকে গ্রেফতার করেছে পুলিশ। দলে থেকে দলের ভাবমূর্তি বিনষ্টকারী এমন নেতাকে অবশেষে বহিষ্কার করেছে সংগঠন।

গতকাল বুধবার সন্ধ্যায় তাকে দল থেকে বহিষ্কার করেছে মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দল।

এ বিষয়ে মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ওমর শরীফ বলেন, মঙ্গলবার বিকেলে উপজেলার করেরহাট ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় গাড়িতে চাঁদা আদায়ের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় সাংগঠনিক তদন্তে মাসুদ কালার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়। তাই দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে সংগঠনের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, মঙ্গলবার সংঘর্ষের ঘটনায় মাসুদ কালার যুক্ত থাকার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। তাই তাকে আগের একটি মামলায় গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে বন কর্মকর্তার ওপর হামলা, পাহাড় কেটে বালু লুট, দস্যুতাসহ থানায় ১২টি মামলা রয়েছে।

পূর্বতারা ডেস্ক/ ইউডি

ভিডিও