রাজধানীর গুলশানে শিল্পপতির ফ্ল্যাট দখলের চেষ্টার অভিযোগে করা মামলায় চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ২ ছেলেসহ ৪ জনের জামিন বাতিল করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বুধবার (১ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ বাদী পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আলোচিত এ মামলার ১৫ আসামির মধ্যে এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীও রয়েছেন।
গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আসামিরা হলেন— গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর দুই ছেলে সামির কাদের চৌধুরী ও শাকির কাদের চৌধুরী, মেরিনা ইরশাদ এবং আশিকুর রহমান।
বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন জুয়েল বলেন, ‘আজ মামলার ধার্য তারিখ ছিল। আসামিরা ধার্য তারিখ পর্যন্ত জামিনে ছিল। ১৫ আসামির মধ্যে ৯ জন আদালতে হাজিরা দেন। গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং তার নিরাপত্তারক্ষী রাকিব চৌধুরী সংসদ অধিবেশনের কারণে আদালতে হাজির হতে পারেননি। অপর চার আসামি সামির কাদের চৌধুরী, শাকির কাদের চৌধুরী, মেরিনা ইরশাদ এবং আশিকুর রহমান চট্টগ্রামে থাকায় আদালতে আসেননি।’
তিনি বলেন, ‘গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং তার নিরাপত্তারক্ষী রাকিব চৌধুরীর সঙ্গত কারণে আদালতে না আসায় আবেদনের বিরোধিতা করিনি। তবে, অপর চার আসামির জামিন বাতিলের আবেদন করি। আদালত চার আসামির জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।’