শনিবার, ১৩ জুন ২০২৬

আরাকান আর্মির কবল থেকে মুক্তি পেলেন ১৪ জেলে

পূর্বতারা ডেস্ক

প্রকাশ : ১ এপ্রিল ২০২৬, ০৬:০৬

মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) হাতে অপহৃত কক্সবাজারের টেকনাফের ১৪ জেলে অবশেষে ফিরে এসেছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে তারা তিনটি মাছ ধরার নৌকাসহ শাহপরীর দ্বীপের পশ্চিম সৈকতে পৌঁছান।

এর আগে গত শনিবার নাফ নদীর নাইক্ষ্যংদিয়া এলাকার কাছ থেকে ওই জেলেদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি।

ফেরত আসা জেলেরা হলেন- মীর কাশেম, গিয়াসউদ্দিন, সালাউদ্দিন, মহিউদ্দিন, মুস্তাফিজ, ফরিদ হোসেন, আবুল কালাম, রবিউল হাসান, হোসেন আহমেদ, মালাই কালু, রহিম উল্লাহ, মো. জাবেদ, আবু তাহের ও তার ছেলে আবদুল খালেক। তারা সবাই শাহপরীর দ্বীপ মাঝের পাড়া ও ডাংগর পাড়ার বাসিন্দা।

ফেরত আসার বিষয়টি নিশ্চিত করেছেন সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মান্নান।

তিনি বলেন, রাতের অন্ধকারে জেলেরা নৌকায় করে ফিরে এসেছে।

ফেরত আসা জেলেদের একজন রহিম উল্লাহ জানান, জীবনের ঝুঁকি থেকে ফিরে আসতে পেরে তারা স্বস্তি পেয়েছেন। তিনি অভিযোগ করেন, আটক অবস্থায় তাদের মারধর করা হয়েছে এবং খাবারও দেওয়া হয়নি।

 এছাড়া নৌকার মাঝি-মালাই কালু গুরুতরভাবে আহত হয়েছেন বলেও জানান তিনি।

এ বিষয়ে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, তিনটি নৌকাসহ ১৪ জেলে ফিরে এসেছে। তারা কীভাবে মুক্তি পেয়েছে, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ভিডিও