চট্টগ্রামে ব্যাংক জালিয়াতির মাধ্যমে ৭ কোটি ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মো. মহিউদ্দিন নামে একজনকে গ্রেফতার করেছে দুদক। মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ২টার দিকে নগরের বহদ্দারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার ওয়াসিকপুর এলাকার হাজি মো. সিদ্দিকুর উল্লাহ বাড়ির মো. হারুন আর রশিদের ছেলে। তিনি চট্টগ্রাম নগরের হালিশহর থানার হালিশহর আবাসিক এলাকার ব্লক-এ এলাকার বাসিন্দা।
দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপপরিচালক সুবেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ১০ ফেব্রুয়ারি দায়ের করা এক মামলার তদন্তে জালিয়াতির তথ্য উঠে আসে।
তিনি আরও জানান, সিটি ব্যাংক পিএলসির আগ্রাবাদ করপোরেট ডিভিশনের একটি হিসাব থেকে অর্থ সরানো হয়। ব্যাংকের এক সিনিয়র কর্মকর্তার যোগসাজশে ফোর এইচ গ্রুপের একটি হিসাব থেকে ৭ কোটি ৪০ লাখ টাকা নিজের হিসাবে নেন মহিউদ্দিন। পরে ওই অর্থ আত্মসাৎ করে অন্যত্র স্থানান্তর করা হয় বলে অভিযোগ রয়েছে।
গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করে কারাগারে আটক রাখার জন্য আবেদন করা হয়েছে বলেও জানান দুদকের এই কর্মকর্তা।