শনিবার, ১৩ জুন ২০২৬

মাত্র ১৫০ লিটার জ্বালানি মজুত রাখায় দোকানি আটক

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৩:১৬

খাগড়াছড়িতে একটি মুদি দোকানে মাত্র ১৫০ লিটার জ্বালানি তেল মজুত রাখার অভিযোগে মো. আলম নামে এক দোকানিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এত সীমিত আয়তনের জ্বালানি তেল মজুত রাখার দায়ে দোকানিকে আটকের ঘটনায় স্থানীয়দের মনে অসন্তোষ সৃষ্টি হয়েছে।

রোববার (২৯ মার্চ) রাতে জেলার দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়ন উত্তর মিলনপুর এলাকায় ‘আলম স্টোর’ নামের দোকানটিতে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশের যৌথদল। অভিযানে উদ্ধারকৃত জ্বালানি তেল হেফাজতে নিয়েছে যৌথদল।

স্থানীয়দের ভাষ্য, খাগড়াছড়ির মত পার্বত্য এলাকার অনেক মুদি দোকানে সীমিত আয়তনে জ্বালানি তেল বিক্রি করা হয়। একদিকে দুর্গম এলাকা, তারওপর সীমিত সংখ্যক ফিলিং স্টেশন রয়েছে এখানে। এমন অবস্থায় গ্রাহকদের সুবিধার্থে সাধারণ মুদি ব্যবসায়ীরা সীমিত আয়তনে জ্বালানি তেল বিক্রি করেন এসব এলাকায়।

আটককৃত মো. আলম উত্তর মিলনপুর এলাকার মৃত মো. ইউনুস মিয়ার ছেলে।

অভিযানটি পরিচালনা করেন দীঘিনালা জোনের সার্জেন্ট মামুনুর রশীদ এবং দীঘিনালা থানার উপপরিদর্শক (এসআই) চয়ন হালদার।

এ বিষয়ে দীঘিনালা থানার উপপরিদর্শক (এসআই) চয়ন হালদার জানান, অবৈধভাবে মজুতকৃত ১৫০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত মো. আলমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভিডিও