কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী থেকে ৩টি মাছ ধরার নৌকাসহ ১৩ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে শাহপরীর দ্বীপের ঘোলারচর সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় মাছ ধরার সময় তাদের ধরে নিয়ে যাওয়া হয়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইনামুল হাফিজ নাদিম বলেন, নৌকাসহ জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়ে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কোস্টগার্ড, বিজিবিকে অবগত করা হয়েছে। তাদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
আরাকান আর্মির হাতে আটককৃত জেলেরা হলেন- মীর কাশেম আলী (৪০), গিয়াস উদ্দিন, সালাউদ্দিন (১৮), মহিউদ্দিন (২২) মলা কালু মিয়া (৫৫), মোস্তাফিজুর রহমান (৪০) ফরিদ হোসেন (৩০) রবিউল হাসান (১৭) কালাম (৩০) হোসেন আহমদ (৩৮)আবু তাহের (৪০) আবদুল খালেক ও জাবের মিয়া (২৪)। তাদের সবার বাড়ি টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের মাঝেরপাড়া ও ডাংগরপাড়া এলাকায়।