বুধবার, ১৭ জুন ২০২৬

চট্টলা এক্সপ্রেসে আগুন : তদন্ত শুরু

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ১১:৪৯

চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে কাজ শুরু করেছে রেলওয়ে পূর্বাঞ্চলের গঠিত তদন্ত কমিটি।

তদন্ত কমিটির প্রধান ও বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনিসুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত। তবে কারিগরি ত্রুটি নাকি সংশ্লিষ্টদের গাফিলতি বা অন্য কোনো কারণ, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট বিএমএ গেট এলাকায় চলন্ত অবস্থায় ট্রেনটিতে আগুনের সূত্রপাত হয়। আগুনে ট্রেনটির পাওয়ার কার ও একটি এসি কোচ ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার সময় ১৬টি বগির ওই ট্রেনে ৬০০-এর বেশি যাত্রী ছিলেন। ক্ষতিগ্রস্ত বগি দুটি রেখে বাকি ১৪টি বগি নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।

বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোস্তাফিজুর রহমান ভূঁইয়া জানান, তদন্ত কমিটি শুক্রবার থেকে কাজ শুরু করেছে। আশা করছি নির্ধারিত তিন দিনের মধ্যেই তারা প্রতিবেদন জমা দেবেন। প্রতিবেদন হাতে পেলেই আগুনের প্রকৃত কারণ এবং কারও অবহেলা ছিল কি না তা নিশ্চিত হওয়া যাবে।

ভিডিও