শনিবার, ১৩ জুন ২০২৬

শাহ আমানতে ২০১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রবাসীরা

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ১০:২০

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গত এক মাসে আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের ঘটনায় চরম ভোগান্তিতে পড়েছেন মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে ফেরা প্রবাসীরা। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জেরে ইরানের পাল্টা প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের আকাশপথে অস্থিরতা তৈরি হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চ পর্যন্ত মোট ২০১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এতে করে হাজারো যাত্রীর ভ্রমণ পরিকল্পনা বিঘ্নিত হয়েছে এবং অনেকে দীর্ঘ সময় অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গতকাল শুক্রবার একদিনেই ৭টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর একটি আগমন ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইনস-এর চারটি বহির্গমন ফ্লাইট এবং এয়ার আরাবিয়া-এর একটি আগমন ও একটি বহির্গমন ফ্লাইট রয়েছে।

তবে একই দিনে বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী তিনটি আগমন ও পাঁচটি বহির্গমন ফ্লাইট চালু ছিল বলে জানিয়েছেন তিনি।

এর আগের দিন বৃহস্পতিবারও একাধিক ফ্লাইট বাতিল হয়। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি আগমন, ইউএস-বাংলার একটি বহির্গমন এবং এয়ার আরাবিয়ার দুটি আগমন ও দুটি বহির্গমন ফ্লাইট বাতিল করা হয়। এছাড়া চট্টগ্রাম থেকে শারজাহগামী এয়ার আরাবিয়ার একটি ফ্লাইট প্রযুক্তিগত ত্রুটির কারণে বাতিল করা হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি থেকে চট্টগ্রামমুখী ফ্লাইটগুলো এখনো স্থবির অবস্থায় রয়েছে।

এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন প্রবাসী কর্মীরা। অনেকে নির্ধারিত সময়ে কর্মস্থলে ফিরতে না পারায় চাকরি নিয়ে অনিশ্চয়তায় পড়ছেন। আবার কেউ কেউ দীর্ঘ সময় বিমানবন্দরে অপেক্ষা করে বাড়তি খরচের মুখে পড়ছেন।

বিমানবন্দর সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচি পুরোপুরি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম।

ভিডিও