বুধবার, ১৭ জুন ২০২৬

নানা আয়োজনে চট্টগ্রাম প্রেস ক্লাবে স্বাধীনতা দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ১১:২১

চট্টগ্রাম: যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবসটি উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন করে ক্লাব কর্তৃপক্ষ।

দুপুরে ভিআইপি লাউঞ্জে ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল ফোরকান।

প্রধান অতিথি বলেন, সাংবাদিকরা একটি সমাজের দর্পণ। তাঁরাই সমাজের সব বন্ধুরতা ও মসৃণতার বিষয়গুলো এবং বৈষম্যগুলো মানুষের সামনে তুলে ধরেন। সমাজকে পরিবর্তনের জন্য এবং এই বৈষম্যবিরোধী আন্দোলনে সাংবাদিকদের যে বলিষ্ঠ ভূমিকা, যা মানুষকে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করেছে।

এ সময় উপাচার্য স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। যাঁর অকুতভয় নেতৃত্বে, যখন এই দেশের মুক্তিকামী মানুষ অনেকটুকু ঝিমিয়ে পড়েছিল, তাঁর এই ঘোষণার সাথে সাথে তাঁরা আবার উজ্জীবিত হয়ে বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে আনার জন্য ঝাঁপিয়ে পড়েছিল বলে উল্লেখ করেন।

চবি উপাচার্য বলেন, যারা আজকের এই প্রেস ক্লাবের ধারক এবং বাহক, যারা বৈষম্যহীন সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন, আশা করি বস্তুনিষ্ঠতাহীন এবং উস্কানিমূলক হলুদ সাংবাদিকতার বিষয়ে আপনারা সতর্ক হবেন এবং আমাদের মাঝে বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরণে, সংবাদ পরিবেশনে প্রয়োজনীয় দৃঢ় পদক্ষেপ নেবেন। আজকের স্বাধীনতা দিবসের এটাই হোক আমাদের মূল মন্ত্র।

বক্তব্য দেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সভাপতি ও ক্লাবের প্রধান উপদেষ্টা মো. শাহনওয়াজ, কালের কণ্ঠের ব্যুরো প্রধান ও সিনিয়র সহ-সভাপতি মুস্তফা নঈম, টাইমস অব বাংলাদেশের ব্যুরো প্রধান ও সিএমইউজের সাধারণ সম্পাদক সালেহ নোমান, এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার ও অর্থ সম্পাদক আবুল হাসনাত, কার্যকরী সদস্য একাত্তর টিভির ব্যুরো প্রধান সাইফুল ইসলাম শিল্পী, এনটিভির সিনিয়র রিপোর্টার আরিচ আহমেদ শাহ, গ্রীন টিভির সিইও ওয়াহিদ জামান, সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক মো. রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, দৈনিক পূর্বদেশের বার্তা সম্পাদক আবু মোশাররফ রাসেল, সমাজসেবা ও অ্যাপায়ন সম্পাদক হাসান মুকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ।

উপস্থিত ছিলেন দৈনিক আমাদের চট্টগ্রামের সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, সিনিয়র সাংবাদিক আবু তাহের মো. তোহা, জাসাস মহানগরের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ শিপন, সাংবাদিক মনিরুল ইসলাম পারভেজ, সাইদুল আজাদ, ফারুক মুনির, মোহাম্মদ আলী, সরোজ আহমেদ, মো. নজরুল ইসলাম, মো. গিয়াস উদ্দিন, কামাল পারভেজ, তৌহিদুল ইসলাম, মো. শাহাবুদ্দীন, ইমতিয়াজ ফারুকী, ইসমাঈল ইমন, জাহেদ তালুকদার, নুরুল আলম চৌধুরী, মো. হানিফ, বাকি বিল্লাহ চৌধুরী, জাহাঙ্গীর আলম, মো. মাসুদ পারভেজ প্রমুখ।

ভিডিও