খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে চলাচলকারী সিএনজি, মাহেন্দ্র ও জিপে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। প্রতিটি যাত্রায় নির্ধারিত ভাড়ার চেয়ে ২০ থেকে ৩০ টাকা বেশি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন যাত্রীরা।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে দীঘিনালা বাস টার্মিনাল এলাকায় সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। দেখা যায়, যেখানে জিপে ভাড়া ৭০ টাকা হওয়ার কথা, সেখানে আদায় করা হচ্ছে ৮০ টাকা। মাহেন্দ্রে ৭০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১০০ টাকা এবং সিএনজিতে ৮০ টাকার পরিবর্তে নেওয়া হচ্ছে ১০০ টাকা।
অধিকাংশ যানবাহনেই বাড়তি ভাড়া নেওয়ায় যাত্রীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। অনেকেই অভিযোগ করেন, নির্ধারিত ভাড়া থাকা সত্ত্বেও চালকরা অতিরিক্ত টাকা আদায় করছেন, যা সাধারণ যাত্রীদের জন্য বাড়তি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে এক সিএনজি চালক জানান, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও পর্যাপ্ত জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। এতে দৈনিক আয় ব্যাহত হচ্ছে। তাই বাধ্য হয়ে ভাড়া কিছুটা বাড়াতে হচ্ছে।
তবে সিএনজি মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, আনুষ্ঠানিকভাবে কোনো ভাড়া বৃদ্ধি করা হয়নি এবং নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত টাকা নেওয়ার অনুমতি নেই।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ বলেন, নির্ধারিত ভাড়ার অতিরিক্ত কেউ আদায় করলে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।