চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটের বিএমএ গেইটে ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় ট্রেনটির পাওয়ার কার ও একটি কোচ পুড়ে গেছে।
কুমিরা ফায়ার স্টেশনের সহকারী কর্মকর্তা এহসান আলী বলেন, “সকাল ৮টার দিকে আগুন নির্বাপণ করা হয়। আগুনে ট্রেনের পাওয়ার কার ও একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগি পুড়ে গেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে ট্রেনে পাওয়ার কার থেকে আগুন লেগে থাকতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই ট্রেনের দুটি বগি থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখা যায়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই দ্রুত ট্রেন থেকে নেমে যাওয়ার চেষ্টা করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আন্তঃনগর ট্রেনটি সকাল ৬টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল। অগ্নিকাণ্ডের কারণে চট্টগ্রাম থেকে সিলেট ও ঢাকার পথে ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। ওই পথে ডাবল লাইন থাকলেও নিরাপত্তা বিবেচনায় ট্রেন চলাচল সামিয়ক বন্ধ থাকে।
বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোস্তাফিজুর রহমান ভূইয়া বলেন, “চট্টগ্রাম থেকে ঢাকামুখী আন্তঃনগর ট্রেন সুবর্ণ এক্সপ্রেস সকাল ৭টার পরিবর্তে কিছুটা দেরিতে চট্টগ্রাম স্টেশন ছেড়েছে।”
এদিকে ফৌজদারহাটে ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় রেলওয়ে পূর্বাঞ্চলের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি করা হয়েছে বলে জানান তিনি। বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে (ডিটিও) কমিটির প্রধান করা হয়েছে।