শনিবার, ১৩ জুন ২০২৬

জ্বালানির মূল্যবৃদ্ধিতে চট্টগ্রাম,কক্সবাজারসহ অভ্যন্তরীণ রুটে ফ্লাইটের ভাড়া বেড়েছে

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৩:৪৩

জেট ফুয়েলের মূল্যবৃদ্ধিতে বেসরকারি এয়ারলাইনসগুলো চট্টগ্রাম,কক্সবাজারসহ অভ্যন্তরীণ রুটে ফ্লাইটের ভাড়া বাড়িয়েছে। এ ভাড়া ১ হাজার টাকা থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবেই এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে খাত সংশ্লিষ্টদের দাবি।

গতকাল (মঙ্গলবার, ২৪ মার্চ) রাতে জেট ফুয়েলের দাম এক লাফে প্রায় ৮০ শতাংশ বাড়ানোর পরই চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও সৈয়দপুর রুটে ভাড়া প্রায় ১ হাজার ২০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। যশোর ও রাজশাহী রুটে ভাড়া বেড়েছে প্রায় ১ হাজার টাকা।

এয়ারলাইনসগুলোর মতে, আন্তর্জাতিক রুটের তুলনায় এই মূল্যবৃদ্ধির প্রভাব বেশি পড়ছে অভ্যন্তরীণ রুটে।

তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে উড়োজাহাজের জ্বালানির দাম প্রতি লিটার ৯৫ টাকা থেকে বেড়ে ১০৭ টাকা হয়ে এখন ২০২ টাকায় পৌঁছেছে। একই সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ০.৭৩৮৪ ডলার থেকে বাড়িয়ে ১.৩২১৬ ডলার নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

খাতসংশ্লিষ্টরা বলছেন, এমনিতেই অভ্যন্তরীণ রুটের ভাড়া অনেক যাত্রীর ক্রয়ক্ষমতার বাইরে। এর ওপর নতুন করে ভাড়া বাড়ানো হলে যাত্রী হারানোর ঝুঁকি আরও বাড়বে।

এভিয়েশন অপারেটরদের সংগঠন এওএবির সেক্রেটারি জেনারেল মফিউর রহমান বলেন, জেট ফুয়েলের দাম বৃদ্ধির কারণে যাত্রী সংখ্যা কমে যাবার শঙ্কা তৈরি হয়েছে। এমন সিদ্ধান্তের কোনো যৌক্তিকতা রয়েছে বলে মনে হয় না।

এয়ারলাইনস খাতকে টিকিয়ে রাখতে জেট ফুয়েলের মূল্য দ্রুত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ভিডিও