চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া থানাধীন দোহাজারী বিওসি’র মোড় এলাকায় যাত্রী সমেত একটি অটোরিকশাকে দ্রুতগতির প্রাইভেট কার পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন।
আজ বুধবার (২৫ মার্চ) সকাল আনুমানিক ৯টা ১৬ মিনিটে সাতকানিয়া থানাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী বিওসি’র মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
সড়ক দুর্ঘটনায় নিহতদের নাম বাবুল দে প্রকাশ বালি ড্রাইভার ও ফল ব্যবসায়ী রঞ্জিত ধর। রিকশায় থাকা অপর ৪ যাত্রীও গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে সাতকানিয়া থানা পুলিশ।
এ ব্যাপারে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল খান জানান, মৌলভীবাজার রাজমহল কমিউনিটি সেন্টারের সামনে সড়ক দুর্ঘটনায় একজন নিহতের খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তির ময়নাতদন্ত ও আহতদেরকে চিকিৎসার জন্য স্থানীয় ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ দুর্ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, চট্টগ্রাম-মহাসড়কের সাতকানিয়া থানাধীন মৌলভীর দোকান এলাকায় সড়কের উপর দাঁড়ানো ছিল কয়েকজন যাত্রী। কিছুক্ষণ পর একটি অটোরিকশা এলে তারা কথা বলে ওই অটোরিকশাকে উঠে পড়েন। যাত্রী নিয়ে অটোরিকশাটি দোহাজারীর উদ্দেশ্যে যাত্রা দেয়ার সাথে সাথেই পিছন থেকে ছুটে আসা দ্রুতগতির একটি প্রাইভেট কার সেটিকে সজোরে ধাক্কা মারে। কারের ধাক্কায় অটোরিকশাটি যাত্রী সমেত প্রায় ২০ গজ দূরে ছিটকে পড়ে। এতে রিকশাতে থাকা প্রায় সকলেই গুরুতর আহত হন।
সাতকানিয়া থানার ডিউটি অফিসার এস আই রাসেল জানান, দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম বাবুল দে। তিনি সকালে অটোরিকশায় করে মৌলভীর দোকানের দিকে যাচ্ছিলেন। এ ঘটনায় ঘাতক প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।