পটিয়ায় সরকারি জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণের দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পটিয়া থানার মোড়ে আল মদিনা হোটেলের পেছনে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে হোটেল আল মদিনার মালিক ফরিদুল আলমকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা। একই সঙ্গে অবৈধভাবে নির্মিত স্থাপনার অংশ উচ্ছেদ করা হয়।
জানা গেছে, পটিয়া থানার মোড়ে প্রায় ১৩ গন্ডা সরকারি সম্পত্তি রয়েছে, যার একটি অংশ ইতোমধ্যে বেদখল হয়ে গেছে। ঈদের ছুটির সুযোগ নিয়ে ওই জমিতে জোরপূর্বক স্থাপনা নির্মাণের কাজ শুরু করেন হোটেল মালিক ফরিদুল আলম।
খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে অভিযান চালান এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবসায়ীকে জরিমানা করেন।
পটিয়া ভূমি অফিসের নাজির ওয়াহিদুল্লাহ সিকদার রাকিব জানান, ঈদের ছুটির সুযোগে সরকারি সম্পত্তি দখলের চেষ্টা করা হয়েছিল। পরে অভিযান চালিয়ে অবকাঠামো উচ্ছেদ করা হয় এবং দখলদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।