,

 

দীঘিনালায় জ্বালানি সংকট, ব্যবসায়ীর ব্যতিক্রমী উদ্যোগে স্বস্তি

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ : 24 March 2026, 05:23

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। উপজেলার প্রায় সব পেট্রোল পাম্পে তেল নেই’ স্টিকার ঝুলতে দেখা যাচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, যানবাহন চালক ও দূরদূরান্ত থেকে আসা যাত্রীরা।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, অধিকাংশ পাম্পেই অকটেন, পেট্রোল ও ডিজেলের সরবরাহ বন্ধ রয়েছে। ফলে অনেক যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে এবং যাত্রীদের দুর্ভোগ কয়েকগুণ বেড়ে গেছে। জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষকেও পড়তে হচ্ছে চরম বিপাকে।

স্থানীয়রা জানান, হঠাৎ করে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় পুরো উপজেলায় পরিবহন ব্যবস্থা প্রায় স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে দূরপাল্লার যানবাহন ও পণ্য পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এমন সংকটময় পরিস্থিতিতে ব্যতিক্রমী এক মানবিক উদ্যোগ দেখা গেছে উপজেলার জামতলী এলাকায়। সেখানে স্থানীয় ব্যবসায়ী শাহাবুদ্দিন তার নিজ দোকান থেকে সীমিত মজুদের মধ্যেও নিয়মিতভাবে গ্রাহকদের কাছে জ্বালানি তেল সরবরাহ করছেন।

জানা যায়, যখন অধিকাংশ পাম্পে তেলের অভাবে কার্যক্রম প্রায় বন্ধ, তখন তিনি নিজের মজুদ তেল সাধারণ মানুষের মাঝে বিক্রি করে যাচ্ছেন। উল্লেখযোগ্য বিষয় হলো— তিনি সরকার নির্ধারিত মূল্যেই তেল বিক্রি করছেন, নিচ্ছেন না অতিরিক্ত কোনো অর্থ।

ব্যবসায়ী শাহাবুদ্দিন বলেন, ‘আমার কাছে যতটুকু তেল মজুদ আছে, ততক্ষণ পর্যন্ত মানুষের কাছে সরবরাহ করে যাবো। এই সংকটের সময়ে মানুষের পাশে থাকাই আমার দায়িত্ব।’

স্থানীয় বাসিন্দারা তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, এমন মানবিক পদক্ষেপ সংকটের সময়ে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে এবং মানুষের দুর্ভোগ লাঘবে সহায়ক ভূমিকা রাখছে।

ভিডিও