চট্টগ্রামের হাটহাজারীতে বিয়ের মাত্র ১ মাস ১৯ দিনের মাথায় ঝুমা আক্তার (১৯) নামে এক নববধূর মরদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের দায়ের করা মামলায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার নিহত ঝুমার পিতা মো. শাহআলম বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-১৮)। এর আগে গত ১৯ মার্চ দুপুরে উপজেলার আমান বাজার এলাকার পশ্চিমে চসিক ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের করিম বেকারী বাড়ির আমিন ভিলার দ্বিতীয় তলার শয়নকক্ষ থেকে ঝুমার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের পরিবারের অভিযোগ, পরকীয়ার জেরে পরিকল্পিতভাবে ঝুমাকে হত্যা করা হয়েছে। তাদের দাবি, ঝুমার স্বামী মো. নেওয়াজ শরীফ (৩১) ওরফে প্রকাশ বাবুর সঙ্গে অন্য এক নারীর সম্পর্ক ছিল। বিয়ের পর থেকেই ঝুমার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হতো বলে অভিযোগ করেন তারা।
নিহতের বড় ভাই তৌহিদুল আলম বলেন, ‘আমি প্রবাস থেকে এসে বোনের বিয়ে দিয়েছি। এক মাস ১৯ দিনের মধ্যেই তাকে লাশ হতে হলো। এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা।’
অন্যদিকে, স্বামীর পরিবারের দাবি- ঝুমা বাথরুমের ভেন্টিলেশনের গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তবে শয়নকক্ষ থেকে মরদেহ উদ্ধার করায় ঘটনাটি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুর রহমান জানান, ‘এ ঘটনায় নিহতের স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।’
এদিকে, নিহতের পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।