শনিবার, ১৩ জুন ২০২৬

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন : স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ০৭:০১

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন বর্তমান সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ ও চলমান ইস্যু। এই বিষয়ে আমরা সবসময় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করি। বর্তমান সরকার এই সমস্যার টেকসই ও শান্তিপূর্ণ সমাধানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, এই পবিত্র দিনে আমরা দেশের শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও উন্নয়নের জন্য মহান সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনা করি। আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে আমাদের প্রিয় দেশকে আরও এগিয়ে নিয়ে যাই। এটাই হোক আমাদের আজকের দিনের প্রকৃত আনন্দ।

সালাহউদ্দিন আহমদ বলেন, আশা করি, জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো এ বিষয়ে আরও সক্রিয় ভূমিকা পালন করবে। প্রয়োজনীয় তদন্ত ও কার্যক্রমে অংশ নেবে। সর্বোপরি, রোহিঙ্গা প্রত্যাবাসন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর কার্যকর সমাধানের জন্য আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য। আমরা সে লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব।

স্বরাষ্ট্রমন্ত্রী এদিন সকাল সাড়ে ৯টায় পেকুয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন। পরে এলাকাবাসীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। তিনি এরপর মোবারকিয়া মসজিদ প্রাঙ্গণে গিয়ে তার বাবা-মায়ের কবর জিয়ারত করেন ।

ভিডিও