শনিবার, ১৩ জুন ২০২৬

চট্টগ্রামে পবিত্র ঈদের জামাত, আল্লাহর দরবারে ফরিয়াদ

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ০৯:১৮

চট্টগ্রামে বিভিন্ন মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ঈদগাহ ময়দানে ঈদের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮ টার দিকে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের খতিব আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরি প্রধান জামাতে ইমামতি করেছেন।

চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মীসহ হাজার হাজার মুসল্লী ঈদের জামাতে অংশ নিয়েছেন। প্রায় ৬৫ হাজার বর্গফুটের জমিয়তুল ফালাহ জাতীয় ঈদগাহ ময়দান প্রধান জামাতে কানায় কানায় পূর্ণ হয়ে উঠে। নামায শেষে মুসল্লীরা পরস্পর কোলাকুলি, কদমবুচির মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন। ঈদগাহের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ,র‌্যাবসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

জমিয়তুল ফালাহ ময়দানের ঈদ জামাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সাংসদ আবু সুফিয়ান, সাংসদ এরশাদ উল্লাহ, সাংসদ সাঈদ আল নোমান, সাবেক রাষ্ট্রদূত মীর নাছির উদ্দিন, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম, নগর বিএনপি নেতা আবুল হাশেম বক্কর, জাতীয় পার্টি নেতা সোলায়মান আলম শেঠসহ ব্যক্তিবর্গ অংশ নেন। দেশ ও জাতির মঙ্গল কামনায় ইদের জামাত শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ৮ টায় দ্বিতীয় ঈদ জামাতে ইমামতি করেছেন মসজিদের জেষ্ঠ্য পেশ ইমাম মাওলানা আহমদুল হক আল কাদেরি।

এদিকে, এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে নগরীর দ্বিতীয় বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে চট্টগ্রাম জেলা প্রশাসনসহ বিভিন্ন প্রশাসনিক,ক্রীড়া ও সামাজিক সংস্থার কর্মকর্তা,প্রতিনিধিসহ সাধারণ মুসল্লী অংশগ্রহণ করেছেন। এতে ইমামতি করেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপ্যাল হযরত মাওলানা অধ্যক্ষ ড. সাইয়েদ মুহাম্মদ আবু নোমান।

ভিডিও