শনিবার, ১৩ জুন ২০২৬

রেলকে লাভজনক খাতে রূপান্তরে কাজ চলছে : রেল প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ০৩:৩৬

রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, আমরা যে জায়গায় দুর্বলতা রয়েছে সেগুলো নিয়ে কাজ করছি। সমস্যা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যাত্রী হিসেবে নিজেরাই (মন্ত্রী, প্রতিমন্ত্রী) ট্রেনে যাতায়াত করছি। সাধারণ যাত্রীদের মতামতও বিবেচনায় রাখা হচ্ছে। কী সমস্যা হচ্ছে তা দেখে সমাধানে কাজ চলছে। বাংলাদেশ রেলওয়ে’কে একটি লাভজনক খাতে রূপান্তরে সরকার কাজ করছে।

শুক্রবার (২০ মার্চ) সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন পরিশর্দনকালে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অনলাইন টিকিটিং ব্যবস্থার দুর্বলতা সরকারের নজরে এসেছে এবং এ বিষয়ে ইতোমধ্যে মন্ত্রণালয়ে একাধিক বৈঠক হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, মিডিয়ার রিপোর্টের ওপর ভিত্তি করে নিজেরা কাজ করছি। সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ায় যখনই কোনো রিপোর্ট পাচ্ছি, সেখানে আমরা তাৎক্ষণিক দেখছি। সঙ্গে সঙ্গেই সে কাজটি কীভাবে আরও সুন্দর করা যায়, তার উদ্যোগ নিচ্ছি। এবারের ঈদযাত্রা নিয়ে যাত্রীদের অভিজ্ঞতা মোটামুটি ভালো।

রেল প্রতিমন্ত্রী স্টেশনের টিকিট কাউন্টার ও প্ল্যাটফর্মে যাত্রীদের সঙ্গে কথা বলেন। রেলযাত্রা ও সেবা নিয়ে তাঁদের অভিযোগ ও অভিজ্ঞতা শোনেন। যাত্রীরাও প্রতিমন্ত্রীকে কাছে পেয়ে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসময় যাত্রীদের কেউ কেউ প্রতিমন্ত্রীর সঙ্গে সেলফি তোলেন।

স্টেশন পরিদর্শনর সময় রেল প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সবুক্তগীন, প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক মোহাম্মদ মাহবুবুর রহমান, প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ সফিকুর রহমান, বিভাগীয় রেল ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঞা, বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা তৌষিয়া আহমেদ, স্টেশন ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিকী, স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার প্রমুখ।

ভিডিও