বুধবার, ১৭ জুন ২০২৬

চট্টগ্রাম নগরীর কেন্দ্রীয় ঈদ জামাত

প্রস্তুত ৬৫ হাজার বর্গফুটের জমিয়তুল ফালাহ ময়দান

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০২:৫২

চট্টগ্রাম নগরীর কেন্দ্রীয় ঈদের জামাত অনুষ্ঠিত হবে জমিয়তুল ফালাহ মসজিদের ঈদগাহ ময়দানে। প্রায় ৬৫ হাজার বর্গফুটের এই ময়দানকে ঈদ জামাতের উপযোগী করে গড়ে তোলা হয়েছে। গত সাত দিন ধরে এই ময়দানে চলেছে প্রস্তুতির মহাযজ্ঞ। টাঙ্গানো হয়েছে সুবিশাল সামিয়ানা, করা হয়েছে পর্যাপ্ত আলোকসজ্জা। মুসল্লীরা যাতে জামাত আদায়ের সময় তাপদাহে কষ্ট না পান সেজন্য ব্যবস্থা করা হয়েছে ২৫০টি ফ্যান। নিশ্ছিদ্র নিরাপত্তায় ঈদগাহ ময়দানে লাগানো হয়েছে ৫০টি সিসি টিভি ক্যামেরা। চতুর্দিক থেকে ‍মুসল্লীরা যাতে ময়দানে প্রবেশ করতে পারেন তারজন্য ফটকগুলোতে কৃত্রিম সিঁড়ি স্থাপন করা হয়েছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা ঝাড়মোছ দিয়ে ঝকঝকে তকতকে করে তুলেছেন ময়দান। রাখা হয়েছে পর্যাপ্ত পানি সুবিধা।

বুধবার (১৮ মার্চ) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন জমিয়তুল ফালাহ ময়দানের চুড়ান্ত প্রস্তুতি পরিদর্শন করেছেন। এসময় তিনি ঘুরে ঘুরে ময়দানের প্রস্তুতি পর্যবেক্ষণ করেন।

মেয়র বলেন, জমিয়তুল ফালাহ ঈদগাহ ময়দান সম্পূর্ণ প্রস্তুত। প্রতিবছরের মতো এবারও প্রায় ২০ থেকে ২৫ হাজার মুসল্লি এই কেন্দ্রীয় জামাতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। অতিরিক্ত মুসল্লির কথা বিবেচনায় রেখে দুটি জামাতের সময় নির্ধারণ করা হয়েছে—প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৮টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, মুসল্লিদের নির্বিঘ্ন প্রবেশ ও বের হওয়ার জন্য তিনটি গেট খোলা রাখা হবে, পাশাপাশি পেছনের গেটটিও ব্যবহারের উপযোগী করা হচ্ছে, যাতে কোনো ধরনের ভিড় বা হুড়োহুড়ি না হয়। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীর জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

নগরীর সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে মেয়র বলেন, চট্টগ্রামকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরীতে পরিণত করতে চসিক ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। অপরাধ দমনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সঙ্গে নিয়মিত সমন্বয় চলছে এবং নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে।

ভিডিও