বুধবার, ১৭ জুন ২০২৬

কেনাকাটা ও ঘরমুখো মানুষের চাপে নগরে তীব্র যানজট

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৮:১৯

পবিত্র রমজানের শেষভাগ ও আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে চট্টগ্রামে যানজট পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ইফতার বাজার ও বিপণিবিতানে উপচে পড়া ভিড় এবং ঘরমুখো মানুষের চাপের কারণে নগরীর প্রধান সড়কগুলো দুপুর থেকে রাত পর্যন্ত প্রায় স্থবির হয়ে যায়।

সরজমিনে, নগরীর আগ্রাবাদ, জিইসি মোড়, মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার ও নিউ মার্কেট এলাকায় বিশেষ করে বিকেল ৪টা থেকে মাগরিব পর্যন্ত যানজট বেশি। রাস্তার একাংশ দখল করে ইফতার বিক্রি হওয়ায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বেসরকারি চাকরিজীবী ইকবাল হোসেন বলেন, ইফতারির আগ মুহূর্তে যানজট অসহনীয়, সময় ও জ্বালানী উভয়ই বেশি ক্ষয় হয়। ব্যাংক কর্মকর্তা গিয়াস উদ্দিন জানিয়েছেন, দুই কিলোমিটার পথ পাড়ি দিতে তার ৪০ মিনিট লেগেছে।

টেরি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মান্নান বলেন, বছরের পর বছর এলাকা অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। আমরা পার্কিং ব্যবস্থা ও রিকশা নিয়ন্ত্রণের চেষ্টা করছি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) লিয়াকত আলী খান বলেন, বন্দর নগরীর সরু রাস্তা ও ব্যক্তিগত গাড়ির অতিরিক্ত ব্যবহার তীব্র যানজটের মূল কারণ। পুলিশ বাজার বন্ধ না হওয়া পর্যন্ত রাস্তায় থাকছে যাতে কিছুটা মুক্তি মেলে।

তিনি আরও বলেন, আগে আমাদের কর্তব্য রাত ১১টা পর্যন্ত চলত। এখন বাজার বন্ধ না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকি।

ভিডিও