চট্টগ্রামের বোয়ালখালীতে প্রতারক চক্রের ফাঁদে পড়ে নিজের স্বর্ণালংকার খুইয়েছেন এক বৃদ্ধা। রবিবার (১৫ মার্চ) দুপুর ১২টার দিকে গোমদন্ডী বুড়িপুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা হলেন, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মজুমদার তালুকদার বাড়ির শামসুন নাহার (৬০) ও তার পুত্রবধূ খুরশিদা বেগম (২৭)।
ভুক্তভোগী খুরশিদা বেগম জানিয়েছেন, তারা একটি মাদ্রাসায় ছেলেকে দেখতে গেলে বাড়ি ফেরার পথে প্রায় ৩০ বছর বয়সী এক যুবক তাদের পথরোধ করে ‘চাউলের কার্ড’ দেখালে সরকারি চাউল দেওয়া হবে বলে জানায়। আঙুলের ছাপ নেওয়ার নাম করে প্রতারক প্রথমে কানের দুল নেন, পরে শামসুন নাহারকে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে গিয়ে তার স্বর্ণের রকেট কেটে নেয়।
পরে প্রতারকরা দুইজনের কাছ থেকে মোট দুই জোড়া কানের দুল, প্রায় ১২ আনা স্বর্ণ, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ফাইল নিয়ে পালিয়েছে।
এ ঘটনায় বোয়ালখালী থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।