শনিবার, ১৩ জুন ২০২৬

ট্রেনে ঈদ যাত্রা

নাড়ির টানে আগেভাগেই বাড়ি ফিরছে মানুষ

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০৬:৩৫

ঈদুল ফিতরকে সামনে রেখে চট্টগ্রাম ছাড়তে শুরু করেছেন নগরবাসী। রোববার ঈদ যাত্রার তৃতীয় দিনে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে নাড়ির টানে বাড়িমুখো যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। স্টেশনের প্লাটফরমগুলোতে নারী, পুরুষ ও শিশুসহ সব বয়সী যাত্রীর উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মত।

গত শুক্রবার থেকে ট্রেনে শুরু হয়েছে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের যাত্রা। অগ্রিম টিকিট নেয়া যাত্রীরা রওনা দিচ্ছেন যাত্রা। আবার একই দিন থেকে ফিরতি যাত্রার অগ্রিম টিকিটও বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে।

রেলওয়ে সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে নিয়মিতভাবে ছেড়ে যাচ্ছে পর্যটক এক্সপ্রেস ও সৈকত এক্সপ্রেস। আর ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে চট্টলা, কর্ণফুলী ও সুবর্ণ এক্সপ্রেস।

অন্যদিকে চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে পাহাড়িকা এবং ময়মনসিংহের উদ্দেশ্যে যাচ্ছে বিজয় এক্সপ্রেস নিয়মিত যাত্রা দিচ্ছে।

গত ৩ মার্চ থেকে ট্রেনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছিল। ৯ মার্চ শেষ হয়েছে। ১৩ই মার্চ থেকে ঈদ শেষে ফিরতি যাত্রার জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। এবার রেলওয়ে পূর্বাঞ্চলের ১৬টি ট্রেনের ৮ হাজারের বেশি অগ্রিম টিকিট বিক্রি করা হয়েছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে।

যাত্রীদের অনুরোধে নন–এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে। ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন। এক্ষেত্রে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। কোনো টিকিট রিফান্ড করা হবে না।

সৈকত এক্সপ্রেসের যাত্রী চকরিয়ার বাসিন্দা মোহাম্মদ ইউনুস বলেন, সড়ক পথে পরিবার-পরিজন নিয়ে বাড়ি যেতে অনেক ভোগান্তি আর হয়রানি হয়। আমি চান্দগাঁও আবাসিক এলাকায় থাকি। এতবছর নানা কষ্ট সয়ে বাড়ি যেতে হয়েছে। এখন রেললাইন হয়েছে। আমার বাবা-মা, ছেলেমেয়েরা ট্রেনে যেতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন বেশি। তাই অগ্রিম টিকিট কেটেছি।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার আবু বক্কর সিদ্দিক বলেন, এবারের ঈদযাত্রীদের জন্য প্রতিদিন পূর্বাঞ্চলের ১৬টি ট্রেনের ৮ হাজারের বেশি অগ্রিম টিকিট বিক্রি করা হয়েছে।

রেলওয়ে স্টেশন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তিন স্তরের টিকিট চেকিং কার্যক্রম শেষে যাত্রীরা প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারছেন।

ভিডিও