বুধবার, ১৭ জুন ২০২৬

লুটপাটের অভিযোগ

সংসদে ‘সাউন্ড সিস্টেম’ নিয়ে শাহজাহান চৌধুরীর ক্ষোভ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০৪:৪৪

জাতীয় সংসদের শব্দযন্ত্র (সাউন্ড সিস্টেম ও হেডফোন) নিয়ে অধিবেশনে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি অভিযোগ করেন, একটা বাজেট করে ওখান থেকে লুটপাট বাহিনীরা একটা বিল করে খাওয়ার জন্য এ ব্যবস্থা করেছে।

রোববার জাতীয় সংসদের অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে শাহজাহান চৌধুরী এ কথা বলেন। গত বৃহস্পতিবার শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। প্রথম দিনই সংসদ কক্ষে মাইক–বিভ্রাট দেখা দিয়েছিল। এ জন্য অধিবেশনের কার্যক্রম কিছু সময় বন্ধ রাখা হয়েছিল।

আজ বেলা ১১টায় অধিবেশনের কার্যক্রম শুরু হয়। একপর্যায়ে বিরোধী দলের সংসদ সসদস্য শাহজাহান চৌধুরী স্পিকারের উদ্দেশে বলেন, ‘আমাদের হাউসে সাউন্ড সিস্টেমটা…আমরা তো আরও দুইবার সংসদে এসেছি, আপনিও এসেছেন, কিন্তু এত বড় একটা বোঝা মাথার ওপর দিয়ে এক-দুই ঘণ্টা বসা সবার জন্য কষ্টকর হচ্ছে।’ এ সময় তিনি হেডফোন কান থেকে হাতে নিয়ে দেখান।

এই সংসদ সদস্য বলেন, ‘১৯৯১ সালের সংসদে এটা ছাড়াই সংসদ চালিয়েছি। ২০০১ সালেও চার–দলীয় সরকারের সময়েও হয়েছে।’

শাহজাহান চৌধুরী বলেন, ‘এখন এত বড় বোঝা…এটা মনে হয় একটা বাজেট করেছিল, আর ওখান থেকে লুটপাট বাহিনীরা একটা বিল করে খাওয়ার জন্য এ ব্যবস্থাটা করেছে।’

এই সংসদ সদস্য বলেন, এত বড় বোঝার প্রয়োজন নেই। তিনি সংসদের সাউন্ড সিস্টেম ভালো করার আহ্বান জানান, যাতে একটি সাধারণ হেডফোন বা হেডফোন ছাড়াও সংসদ সদস্যরা শুনতে পান, সে ব্যবস্থা করার আহ্বান জানান।

ভিডিও