সোমবার, ১৫ জুন ২০২৬

সাতকানিয়ায় ডাম্পার ট্রাকের চাপায় আহত যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ১০:৪৩

চট্টগ্রামের সাতকানিয়ায় রাতের আঁধারে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার সময় ডাম্পার ট্রাকের চাপায় সাজ্জাদ হোসেন রোহান নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পশ্চিম পাশে তেমুহনী বিলের এনবিএম-৩ ইটভাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আজ শনিবার সকাল ৭টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাজ্জাদ হোসেন রোহান মারা যান।

নিহত সাজ্জাদ হোসেন রোহান ঢেমশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ ফোরকানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে তেমুহনী বিলে এক্সকাভেটর দিয়ে মাটি কেটে ডাম্পার ট্রাকে তোলা হচ্ছিল।এ সময় সেখানে প্রশাসন অভিযান চালাতে আসছে— এমন একটি খবর ছড়িয়ে পড়লে উপস্থিত শ্রমিক ও সংশ্লিষ্টদের মধ্যে হঠাৎ আতঙ্ক দেখা দেয়। উপস্থিত লোকজন দ্রুত এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করেন এবং এ সময় দৌড়াদৌড়ির মধ্যে ডাম্পার ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন সাজ্জাদ হোসেন রোহান।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, নলুয়ার বিলে ডাম্পার ট্রাকের চাপায় এক যুবকের মৃত্যুর খবর তারা শুনেছেন, তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

ওসি মঞ্জুরুল হক আরও জানান, গতরাতে মাটি কাটার বিরুদ্ধে কোনো অভিযান পরিচালনা করা হয়নি, তবে রাতে পুলিশের টিম বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করেছে।

ভিডিও