চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে সংঘটিত ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে লুট হওয়া বিভিন্ন মালামাল ও ডাকাতির কাজে ব্যবহৃত যানবাহন উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) খুলশীতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩ কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। গ্রেফতাররা হলেন, মো. হেলাল হোসেন (২৯), মো. সালাহউদ্দীন (৩৩), মো. রবিউল হোসেন ওরফে সোহেল (৩০) এবং মো. এসকান্দার ওরফে মদন (৪৫), সবাই কর্ণফুলী থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গত ৬ ফেব্রুয়ারি গভীর রাতে আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় জোনে প্রবেশ করে ১৫–২০ জনের একটি সশস্ত্র ডাকাত দল। তারা নিরাপত্তারক্ষীদের বেঁধে ভারী যন্ত্রপাতির গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ লুট করে নিয়ে যায়।
জোনের স্টোর ম্যানেজার ওয়েন জিয়ং বাদী হয়ে আনোয়ারা থানায় মামলা করেন। মামলাটি তদন্তের জন্য ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মাহমুদের নির্দেশনায় উপপরিদর্শক সুব্রত কুমার ঘোষের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রথমে ১২ মার্চ হেলাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। এরপর সালাহউদ্দীন, রবিউল হোসেন ও এসকান্দারকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের দেখানো স্থান থেকে একটি মিনি পিকআপ, একটি সিএনজিচালিত অটোরিকশা, গ্যাস কাটার, বেয়ারিং, চার বান্ডিল তামার তার, দুটি সেল, একটি মোটর, তিনটি হাসুয়া ও দুটি রামদা উদ্ধার করা হয়েছে।
শিল্প পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ বলেন, গ্রেপ্তাররা পেশাদার ডাকাত চক্রের সদস্য এবং তাদের নামে বিভিন্ন থানায় আরও একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আসামিদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।