ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে শনিবার বিশেষ পরিচ্ছন্নতা ও ডেঙ্গু অভিযান উদ্বোধন করা হয়েছে। দুপাুর তিনটায় চট্টগ্রাম মেডিকেল নার্সিং হোস্টেল ক্যান্টিনের সামনের নালায় এ কার্যক্রম উদ্বোধন হয়েছে। চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন তা উদ্বোধন করেছেন। তবে উদ্বোধন পরবর্তী মেয়র চলে যা্ওয়ার পরপরই চসিকের কর্মীরাও কাজ ফেলে চলে যান বলে অভিযোগ তুলেছে স্থানীয়রা। এমন ঘটনায় চসিকের এ অভিযান আইওয়াশ নাকি বাস্তব তা নিয়েই প্রশ্ন উঠেছে।
চসিক সূত্রে জানা যায়, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় “শনিবারের অঙ্গীকার, বাসা-বাড়ি রাখি পরিষ্কার” এই স্লোগানকে সামনে রেখে মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান কর্মসূচি পালনের ঘোষণা দেয় চসিক। চট্টগ্রাম মেডিকেল কলেজ ও এর আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি উদ্বোধনের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার নগরজুড়ে এই কর্মসূচি পালনের ঘোসণা দেয়া হলেও বাস্তব চিত্র পুরোটাই ভিন্ন। উদ্বোধনের দিনেই চসিক কর্মচারীদের এমন আচরণে সরকার ঘোষিত এই কর্মসূচি কতটুকু সফল হবে সেটাই এখন দেখার বিষয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাাতালের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী জানান, মেয়র সাহেব আসার আগে পরিচ্ছন্ন কর্মী ও সংশ্লিষ্টরা কর্মকর্তারা এখানে আসেন। দেখলাম নার্সিং কলেজের সামনে কেউ ব্যানার টাঙ্গাচ্ছেন। পরিচ্ছন্ন কর্মীরা গায়ে পোশাক জড়িয়ে প্রস্তুতি নিচ্ছেন নালা পরিস্কারের। কাউকে দেখলাম ফোনে যোগাযোগ করে জেনে নিচ্ছেন মেয়র ডা. শাহাদাত হোসেন কখন আসবেন এসব জেনে নিচ্ছেন। কিছুক্ষণ পর মেয়র সাহেব এসে উদ্বোধন করলেন। তারপর তিনি চলে গেলেন। মেয়র চলে যাওয়ার পরপরই ঘটনাস্থল থেকে একে একে পরিচ্ছন্ন কর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তারাও চলে গেলেন। মেয়র থাকা পর্যন্তই তারা শুধু নালাটি পরিস্কার করলেন। এটা তো মনে হচ্ছে আইওয়াশ।
এদিকে চসিকের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অভিযান চলাকালে মেডিকেল কলেজের মেইন গেট, কে.বি. ফজলুল কাদের রোড এবং প্রবর্তক মোড় এলাকার ড্রেন পরিষ্কার করা হয় এবং মশক নিধনে লার্ভিসাইড ওষুধ ছিটানো হয়।
উদ্বোধনকালে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “নগরবাসীর সুস্বাস্থ্য ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সিটি কর্পোরেশন নিয়মিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ চিকিৎসাসেবা নিতে আসেন। তাই মশার উপদ্রব নিয়ন্ত্রণে ও ডেঙ্গুসহ বিভিন্ন রোগ প্রতিরোধে এই এলাকাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে।”
তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, শুধু সিটি কর্পোরেশন একা নয়—প্রতিটি নাগরিককে নিজ নিজ বাসা-বাড়ি, দোকানপাট ও আশপাশ পরিষ্কার রাখতে সচেতন হতে হবে। প্রতি শনিবার এই কর্মসূচির মাধ্যমে নগরবাসীকে পরিচ্ছন্নতার ব্যাপারে আরও উদ্বুদ্ধ করা হবে।