শনিবার, ১৩ জুন ২০২৬

২৭ হাজার টন ডিজেল নিয়ে এলো আরেকটি জাহাজ

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০৪:০৮

সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৫ মেট্রিক টন ডিজেল নিয়ে ‘লিয়ান হুয়ান হু’ নামের আরেকটি ট্যাংকার চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বিপিসির ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক মো. ইউসুফ হোসেন ভূঁইয়া জানান, ‘লিয়ান হুয়ান হু’ জাহাজটি মঙ্গলবার (১০ মার্চ) সরাসরি বন্দরের ডলফিন জেটিতে ভিড়েছে। এ জাহাজের ডিজেল পদ্মা, মেঘনা, যমুনা অয়েলের ডিপোতে খালাস হবে।

এর আগে গত সোমবার ২৭ হাজার ২০৪ মেট্রিক টন ডিজেল নিয়ে সিঙ্গাপুর থেকে চট্টগ্রাম বন্দরে এসেছিল ট্যাংকার ‘শিউ চি’।

সূত্র জানায়, ইসরাইল-যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে বিশ্বব্যাপী জ্বালানির দাম বৃদ্ধি ও সংকটের শঙ্কা দেখা দেয়। বাংলাদেশেও জ্বালানি সংকট নিরসনে নানা পরিকল্পনা নিয়েছে সরকার। যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালি পেরিয়ে আসা এলএনজি ও এলপিজির বেশ কিছু জাহাজ বন্দরে এলেও ডিজেলের জাহাজ এসেছে মাত্র দুইটি।

পাইপলাইনে রয়েছে আরও তিনটি ট্যাংকার। এর মধ্যে বৃহস্পতিবার বন্দরে পৌঁছানোর কথা রয়েছে ‘এসপিটি থেমিস’, যাতে ৩০ হাজার ৪৮৪ মেট্রিক টন ডিজেল রয়েছে। ‘র‍্যাফেলস সামুরাই’ নামের আরেকটি ট্যাংকার শনিবার পৌঁছাবে। এছাড়া ১৫ মার্চ ‘চ্যাং হ্যাং হং টু’ নামের আরও একটি ট্যাংকার চট্টগ্রাম বন্দরে আসবে। এই দুটিতে প্রায় ৩০ হাজার মেট্রিক টন করে ডিজেল রয়েছে।

এশিয়ার বিভিন্ন দেশ থেকে আমদানি করা এই পাঁচটি ট্যাংকার মিলিয়ে দেশে মোট ১ লাখ ৪৪ হাজার ২০৫ মেট্রিক টন পরিশোধিত ডিজেল যুক্ত হবে। চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত নয়টি দেশ থেকে ২৩ লাখ ২৮ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি হয়েছে। এর মধ্যে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ভারত থেকে আমদানি করা হয়েছে ৭৮ শতাংশ।

ভিডিও