বুধবার, ১৭ জুন ২০২৬

পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন করবে ফ্যামিলি কার্ড: পার্বত্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০৪:১১

পার্বত্যবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা জোরদারে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ কর্মসূচির মাধ্যমে দরিদ্র পরিবারগুলো নিয়মিত সহায়তা পেলে তাদের জীবনযাত্রা আরও স্বস্তিদায়ক হবে।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে বান্দরবানে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনে এসব কথা বলেন তিনি। এদিন লামা উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রথম ধাপে ১ হাজার ৯৭টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।

অনুষ্ঠানে পার্বত্যমন্ত্রী বলেন, দেশের প্রান্তিক ও হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন করছে। ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারগুলো সরাসরি সহায়তা পাবে, যা তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, বেদে সম্প্রদায়, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং স্বল্প জমির মালিক পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। কার্ডধারী পরিবারকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা অথবা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হবে।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন জানান, প্রথম ধাপে ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মোট ১ হাজার ২৭৪টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। যাচাই-বাছাইয়ের সময় ১৩৮ পরিবারের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) না থাকায় তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয় এবং ৬১ জনের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। পরে অবশিষ্ট ১ হাজার ৯৭টি পরিবারকে চূড়ান্তভাবে বাছাই করে কেন্দ্রীয় ফ্যামিলি কার্ড বাছাই কমিটির কাছে পাঠানো হয়।

জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, সরকারের এ উদ্যোগ দেশের প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নেও ইতিবাচক প্রভাব ফেলবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং উপকারভোগী পরিবারগুলোর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভিডিও