জ্বালানি তেলের সংকটের কারণে চট্টগ্রাম–সন্দ্বীপ নৌরুটে স্পিডবোট চলাচল অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ হয়ে গেছে। সোমবার (৯ মার্চ) সকাল থেকে কুমিরা–গুপ্তছড়া ঘাটে কোনো স্পিডবোট চলাচল করেনি। তবে এই রুটে কাঠের বোট (ট্রলার), ফেরি এবং বিআইডব্লিউটিসির জাহাজ এমভি মালঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।
বিআইডব্লিউটিএ অনুমোদিত প্রতিষ্ঠান আদিল এন্টারপ্রাইজের পরিচালক জগলুল হোসেন জানান, জ্বালানি তেলের অভাবে স্পিডবোট চালানো সম্ভব হচ্ছে না। তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠান মেঘনা অয়েল কোম্পানি থেকে তেল কিনতে গেলে তারা তেল সরবরাহ করতে পারেনি। কবে নাগাদ তেল পাওয়া যাবে তাও নিশ্চিত করা হয়নি। ফলে তেল না পাওয়া পর্যন্ত স্পিডবোট চলাচল বন্ধ থাকবে।
তিনি আরও জানান, প্রতিদিন প্রায় তিন হাজার লিটার অকটেন প্রয়োজন হয়। গতকাল রোববার ৯ হাজার লিটার অকটেনের জন্য পে–অর্ডার করা হলেও তা ফিরিয়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে মেঘনা পেট্রোলিয়াম কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক মো. লুৎফর রহমান বলেন, তেলের কোনো সংকট থাকবে না। ইতোমধ্যে তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে প্রবেশ করেছে।
ভোগান্তিহীন দ্রুত যাতায়াতের জন্য এই নৌরুটে যাত্রীদের বড় অংশ স্পিডবোট ব্যবহার করেন। হঠাৎ স্পিডবোট বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা বিপাকে পড়েছেন। সন্দ্বীপের যাত্রী হুমায়ুন কবির জানান, সকালে ঘাটে গিয়ে স্পিডবোট না পেয়ে তাকে ফিরে আসতে হয়েছে। জরুরি কাজে চট্টগ্রাম গিয়ে একই দিনে ফিরে আসার পরিকল্পনা ছিল তার।
এদিকে এই রুটে চলাচল করা ফেরি কপোতাক্ষের মাস্টার সাইফুল ইসলাম জানান, ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ বিষয়ে কোনো নতুন নির্দেশনা পাওয়া যায়নি।