শনিবার, ১৩ জুন ২০২৬

‘সাধু সাজবেন না, সবার আমলনামা আছে’— তিথির হুঁশিয়ারি

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৫ মার্চ ২০২৬, ০৪:১৪

অভিনয়শিল্পী যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার অপমৃত্যুকে ঘিরে চলমান বিতর্কের মধ্যে মুখ খুলেছেন অভিনেত্রী ইফফাত আরা তিথি। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাবে ফেসবুকে ব্যক্তিগত চ্যাটের ৪৪টি স্ক্রিনশট প্রকাশ করে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সাধু সাজবেন না, সবার আমলনামা আছে।’

বুধবার (৫ মার্চ) বিকেলে নিজের ফেসবুক পোস্টে তিথি এসব স্ক্রিনশট প্রকাশ করেন। তিনি জানান, শুরুতে বিষয়গুলো প্রকাশ করতে চাননি এবং প্রয়োজনে প্রশাসনের কাছে দেওয়ার কথা ভেবেছিলেন। তবে তাকে নিয়ে যেভাবে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে, সে কারণেই চুপ থাকতে পারেননি।

ইকরার মৃত্যুকে ঘিরে ইতোমধ্যে বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ইকরার পরিবার দাবি করেছে, যাহের আলভীর সঙ্গে সহকর্মী ইফফাত আরা তিথির সম্পর্কের জেরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ইকরা। এ ঘটনায় ইকরার বাবা কবির হায়াত খান রাজধানীর পল্লবী থানায় মামলা করেছেন।

সম্প্রতি একটি নাটকের শুটিংয়ের কাজে আলভী ও তিথি নেপালে যান। ২৭ ফেব্রুয়ারি ছিল তিথির জন্মদিন। এ সময় গুঞ্জন ছড়ায়— তিথির জন্মদিন উদ্‌যাপনের জন্যই নেপালে শুটিংয়ের আয়োজন করা হয়েছিল। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন আলভী। এর পরদিন ২৮ ফেব্রুয়ারি ইকরা মারা যান। এরপর থেকেই আলভী ও তিথির সম্পর্ক নিয়ে বিতর্ক আরও তীব্র হয়।

ফেসবুক পোস্টে তিথি দাবি করেন, আলভীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে যেসব অভিযোগ উঠেছে সেগুলো ‘ভুল ব্যাখ্যা’ ও ‘অপপ্রচার’। ইকরার সঙ্গে তাঁর সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ছিল বলেও উল্লেখ করেন তিনি। তিথির ভাষ্য, ইকরার সঙ্গে তাঁর নিয়মিত ও স্বাভাবিক যোগাযোগ ছিল এবং ইকরা বিভিন্ন সময় নিজের পারিবারিক অশান্তি, হতাশা ও ডিপ্রেশনের কথাও তাঁর সঙ্গে শেয়ার করতেন।

চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করে তিথি বলেন, ‘ইকরার সংসার ভাঙার কোনো ইচ্ছা কখনোই ছিল না। বরং আমি তাকে কাজের মধ্যে সক্রিয় থাকতে এবং নিজের পায়ে দাঁড়াতে উৎসাহ দিয়েছি।’

ইকরাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগও সরাসরি অস্বীকার করেছেন তিনি। তিথি বলেন, ‘আমি কখনো বলিনি তুমি ডিভোর্স দাও, আমি আলভীকে বিয়ে করব। বরং বলেছি— তুমি তার কুইন, তুমি তার রানি।’

পোস্টে তিনি আরও দাবি করেন, ইকরা কয়েকবার যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার কথা বললেও তিনি তাকে স্বামীকে ছেড়ে যেতে নিরুৎসাহিত করেছিলেন।

তিথির ফেসবুক পোস্টে ইকরার পরিবারের প্রসঙ্গও উঠে আসে। তাঁর দাবি, ইকরা নিজেই পরিবারের সঙ্গে দূরত্ব ও মানসিক কষ্টের কথা উল্লেখ করেছিলেন। তিথির ভাষ্য, ইকরা একসময় পরিবার থেকে পর্যাপ্ত সমর্থন পাননি বলে মনে করতেন এবং সে বিষয়টি তাকে জানিয়েছিলেন।

পোস্টের শেষ দিকে তিথি বলেন, যদি তাঁর সঙ্গে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তাহলে সংশ্লিষ্ট সংগঠনগুলো যেন বিষয়টি তদন্ত করে। একই সঙ্গে ইকরার আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।

ভিডিও