মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের জেরে আজ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে বাতিল হয়েছে মোট ১১টি ফ্লাইট। যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত মোট ৪৬টি ফ্লাইট বাতিল হয়েছে। বুধবার (৪ মার্চ) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এয়ারপোর্ট কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
কর্তৃপক্ষ জানায়, মধ্যপ্রাচ্য থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ও এয়ার এরাবিয়ার তিনটি ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়া চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যেগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট, ইউ এস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ও ইয়ার এরাবিয়ার তিনটি ফ্লাইট বাতিল হয়েছে।
তবে আজ ওমানের উদ্দেশ্যে চট্টগ্রাম বিমানবন্দর থেকে সকালে ২ ফ্লাইট ছেড়ে গিয়েছে। পাশাপাশি মদিমা থেকে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি ফ্লাইট।
শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহীম খলিল বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইট সূচিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যাত্রীদের ভোগান্তি এড়াতে বিমানবন্দরে আসার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।