চট্টগ্রামের চন্দনাইশে ডাকাত দলের গুলিতে গরুর মালিক চন্দন দে (৫৫) নিহত ও তিনটি গরু লুটের ঘটনায় আরও দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলো- মো. রুবেল (৩০) ও নাছির উদ্দিন (৪৫)। এর আগে এ মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়।
গত ২৬ ফেব্রুয়ারি ভোর পৌনে ৫টার দিকে উত্তর গাছবাড়িয়ায় নিহতের বাড়িতে এ ডাকাতি ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনায় নিহতের ছেলে চনি বাদী হয়ে চন্দনাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াছ খান পিপিএম জানান, চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সোমবার চন্দনাইশ ও চকরিয়া থানা পুলিশের যৌথ অভিযানে কক্সবাজার জেলার চকরিয়ার কোরালখালী এলাকার আবুল কালামের ছেলে মো. রুবেল এবং চকরিয়ার চৌয়ার ফাঁড়ি ৯ নম্বর ওয়ার্ড ইলিশিয়া এলাকার মৃত আলী আহমদের ছেলে নাছির উদ্দিন ওরফে লম্বা নাছিরকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, আন্তঃজেলা ডাকাত মো. রুবেলের বিরুদ্ধে কক্সবাজার, চট্টগ্রাম ও বান্দরবানের বিভিন্ন থানায় ১৬টি এবং নাছির উদ্দিনের বিরুদ্ধে ৭টি ডাকাতি, দস্যুতা, হত্যা ও অন্যান্য মামলা রয়েছে।
ওসি বলেন, চন্দন দে হত্যা মামলায় এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আদালতে রিমান্ড আবেদন করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো. সোহানুর রহমান সোহাগ জানান, হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।