শনিবার, ১৩ জুন ২০২৬

বাহরাইনে ড্রোন হামলায় সন্দ্বীপের বাসিন্দা নিহত

সন্দ্বীপ প্রতিনিধি

প্রকাশ : ২ মার্চ ২০২৬, ০৩:৩৬

বাহরাইনে ড্রোন হামলায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত মো. তারেক (৫৫) সন্দ্বীপের আজিমপুর এলাকার পাহাড়ের গো বাড়ির মৃত ছায়েদুল হকের পুত্র। তারেকের পরিবার চট্টগ্রাম নগরীর হালিশহর বউবাজার আমতলী এলাকায় বসবাস করতেন।

সোমবার(২ মার্চ) বাংলাদেশ সময় ভোর ৫টা (বাহরাইন সময় রোববার দিবাগত রাত ২টা) বাহরাইনের আল হিদ ড্রাইডক এলাকায় অবস্থিত আরব শিপবিল্ডিং অ্যান্ড রিপেয়ার ইয়ার্ডে বোমা বর্ষণের ঘটনা ঘটে। শিপইয়ার্ডটি মিনহাজ সালমান এলাকায় যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটির পাশেই অবস্থিত বলে জানা গেছে।

সহকর্মী ও স্বজনদের সূত্রে জানা যায়, বিস্ফোরণের সময় তারেক ‘স্টেনা ইম্পেরেটিভ’ নামের একটি জাহাজে মেরামতকাজে নিয়োজিত ছিলেন। হঠাৎ বিকট বিস্ফোরণে কর্মস্থল কেঁপে ওঠে। ড্রোনের ভাঙা অংশ ছিটকে এসে তার শরীরে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এ ঘটনায় আরও দুই থেকে তিনজন শ্রমিক আহত হয়েছেন। আহতদের মধ্যে সন্দ্বীপের মুছাপুর এলাকার আজিম ভূঁইয়ার বাড়ির নাজিম উদ্দিন (৪০) রয়েছেন। অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

একই প্রতিষ্ঠানে কর্মরত নিহতের জেঠাতো ভাই নুর হোসেন বেলাল মোবাইলে এ প্রতিনিধিকে বলেন, আমি সামান্য দূরে কর্মরত ছিলাম,বিস্ফোরণের শব্দ শোনার পর ঘটনাস্থলে গিয়ে জাহাজের ভেতরে ড্রোনের ছিটকে পড়া অংশ দেখতে পাই’। বিস্ফোরণের সময় কর্মীরা সেহরি খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

প্রায় ২৭ বছর ধরে তারেক বাহরাইনে কর্মরত ছিলেন। দীর্ঘ প্রবাসজীবনে তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।

তার চাচাতো ভাই রাউজান পূবালী ব্যাংকের ম্যানেজার মো. শামসুল ইসলাম জানান, এখনো তার পরিবারের সদস্যদের কাছে মৃত্যুসংবাদ জানানো হয়নি; তারা তাঁকে হাসপাতালে চিকিৎসাধীন বলেই জানেন।

প্রবাসে তারেকের এ মর্মান্তিক মৃত্যুতে সন্দ্বীপসহ স্বজনদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ভিডিও