চট্টগ্রামের আনোয়ারায় রূপালী ব্যাংক পিএলসির শাখা থেকে অঞ্জন মল্লিক (৫২) নামের এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে ব্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
অঞ্জন মল্লিকের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে। তার পরিবার বোয়ালখালী উপজেলায় বসবাস করেন বলে জানা গেছে।
তিনি ব্যাংকের নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালনের পাশাপাশি সংলগ্ন এলাকায় একটি চায়ের দোকান করতেন।
পুলিশ ও ব্যাংক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ব্যাংক বন্ধ হওয়ার পর থেকে তিনি ব্যাংকের ভেতরেই অবস্থান করছিলেন। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির পর রবিবার সকালে ব্যাংক খুলতে এসে কর্মকর্তা-কর্মচারীরা তাকে ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেওয়া হয়।
নিহতের ভাগনে জামাই দিলীপ দে (৪৫) বলেন, ‘তিনি নিয়মিত দায়িত্ব পালন করতেন। হঠাৎ এমন ঘটনায় আমরা হতবাক। আমি পরিবারকে জানিয়েছি। তারা আসছেন চট্টগ্রাম মেডিকেলে।’
ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. রাজীব উদ্দীন বলেন, ‘সকাল সাড়ে আটটার দিকে আরেক নিরাপত্তাকর্মীর মাধ্যমে খবর পেয়ে আমরা ব্যাংকে এসে তাকে ভেতরে মৃত অবস্থায় দেখতে পাই। পরে পুলিশকে জানানো হয়। পুলিশের উপস্থিতিতে ব্যাংকের গেট খোলা হয়। ব্যাংকের ভেতরে আপাতত কোনো অস্বাভাবিকতা চোখে পড়েনি।’
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’