মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের পরিপ্রেক্ষিতে ১০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। মধ্যপ্রাচ্যগামী এবং আগমনী ফ্লাইট স্থগিত হয়ে যাওয়ায় শাহ আমানত বিমানবন্দরে নিরবতা বিরাজ করছে। তবে অন্য রুটে চলাচলকারী ফ্লাইটগুলো যথারীতি চালু রয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
ফ্লাইট বাতিলের ব্যাপারে রোববার (১ মার্চ) সকালে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে ফ্লাইট স্থগিতের এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহ আমানত বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে আগমনী সব আন্তর্জাতিক ফ্লাইট (এরাইভাল ফ্লাইট সাতটি এবং ডিপার্চার ফ্লাইট তিনটি) বাতিল ঘোষণা করা হয়েছে। ফ্লাইটগুলো আজ দিনের বিভিন্ন সময়ে যাত্রী পরিবহনের কথা ছিল।
এদিকে, ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় বন্ধ রয়েছে মধ্যপ্রাচ্যের আকাশসীমা। বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি এ চাপ এসে পড়েছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের উপরও। তবে ঢাকায় হাজারো যাত্রী আটকা পড়লেও চট্টগ্রামের ক্ষেত্রে সেটা হয়নি।
আজ রোববার সকালে শাহ আমানতে অনেক নিরব পরিস্থিতি দেখা গেছে। শনিবার চট্টগ্রাম বিমানবন্দরে আসা মধ্যপ্রাচ্যগামী অনেক যাত্রী খবর পেয়ে গতকালই বিমানবন্দর ত্যাগ করেছেন। তবে অন্য রুটের ফ্লাইট চালু থাকায় সংশ্লিষ্ট যাত্রীরা বিমানবন্দরে আসা যাওয়া করছেন। তবে ফ্লাইট চালু থাকলেও অন্য রুটের যাত্রীরাও নিরাপত্তাহীনতায় শঙ্কিত। তারা নিরাপত্তা নিশ্চিতে বিমানবন্দর কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত , ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার কারণে মোট ১৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে।